আফ্রিকান ইউনিয়নে সুদানের সদস্য পদ বাতিল

আপডেট : ০৮ জুন ২০১৯, ১২:১৬ এএম

সুদানে নিরাপত্তা বাহিনীর হাতে গত কয়েক দিনে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হওয়ার পর আফ্রিকান ইউনিয়ন সুদানের সদস্য পদ সাময়িকভাবে বাতিল করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

বেসামরিক নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন না করা পর্যন্ত সুদানকে ইউনিয়ন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এটাই এ সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ বলে জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।

রাজধানী খার্তুমে কয়েক দিন ধরে চলা বিক্ষোভে ৬১ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে সুদানের সরকার। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন নিহতের সংখ্যা শতাধিক। গত কয়েক দিনে সুদানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ব্যাপক হতাহতের খবর আসতে থাকলেও কর্র্তৃপক্ষ তেমন কিছু বলেনি।

গত বুধবার নিহতের সংখ্যা শতাধিক বলে জানা যায় এবং খার্তুম শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নীলনদ থেকে বহু মৃতদেহ তোলা হচ্ছে। এসএফ নামের আধাসামরিক বাহিনী প্রায় জনশূন্য রাজধানীর রাস্তাগুলোতে টহল দিচ্ছে এবং বেসামরিক লোকজনকে আক্রমণ করছে।

সুদানের সামরিক কাউন্সিল বিক্ষোভকারীদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে কিন্তু বিরোধীদলীয় কর্মীরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, কর্র্তৃপক্ষ যেরকম সহিংস উপায়ে বিক্ষোভকারীদের দমন করার পথ নিয়েছে তাতে তারা এই সামরিক কাউন্সিলকে আর বিশ্বাস করতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত