শুরুতে ওই মেলার নাম ছিল ‘কলকাতা বিফ ফেস্টিভ্যাল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘কলকাতা বিপ ফেস্টিভ্যাল’। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
বৃহস্পতিবার আয়োজকেরা বলেছিলেন, মেলার নামে ‘বিফ’ শব্দটি থাকাই হুমকিদাতাদের মূল আপত্তি। এজন্য তাদের বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়া নিয়ে অভিযোগ করতে শুক্রবার তারা পুলিশের কাছে অভিযোগ করার পরিকল্পনা করেছিলেন।
কিন্তু বৃহস্পতিবার রাতে আয়োজকদের একজনকে হুমকি দিয়ে প্রায় তিনশ কল করা হয় বলে ফেইসবুকে এক পোস্টে জানান তারা।
তারা বলেন, ‘আমরা আতঙ্কিত, কারণ সব কিছুই কোনো ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতির উপর এখন আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এসব কারণে ‘কলকাতা বিপ ফেস্টিভ্যাল’ বাতিল ঘোষণা করা হচ্ছে।’
আগামী ২৩ জুন দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় ‘কলকাতা বিপ ফেস্টিভ্যাল’ আয়োজন হওয়ার কথা ছিল।
আয়োজকরা বলেন, ‘রাজনৈতিক ঝামেলা এড়াতে আমরা নির্বাচনের পর এই মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তাতেও ঝামেলা এড়াতে পারলাম না।’
সূত্র: এনডিটিভি
