কখনো তিনি ডাক্তারের চেয়ে বেশি বোঝেন, কখনো অকারণে ‘শায়েস্তা’ করেন অন্য রাষ্ট্রকে। সেই ডোনাল্ড ট্রাম্প এবার নিজের দেশের বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে রীতিমতো ঝাড়ি দিয়ে সৌরজগতেও হাত দিলেন।
শুক্রবার ট্রাম্প একটি টুইট করেন। সেখানে বলেন, চাঁদ নাকি মঙ্গলগ্রহের অংশ!
মহাকাশ বিষয়ে নিজ প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প লিখেছেন, ‘আমরা যত টাকা ব্যয় করছি তা দিয়ে নাসার চাঁদে যাওয়ার বিষয়ে কথা বলা উচিত নয়। ৫০ বছর আগেই ওটা আমরা করে দেখিয়েছি।’
আরও পড়ুন: ডাক্তারের চেয়ে ‘বেশি বোঝেন’ ভোজনরসিক ট্রাম্প
ট্রাম্প এতটুকু বললে ঠিক ছিল। কিন্তু গন্ডগোল পাকান পরের লাইনে, ‘আমার যা করছি তাতে মঙ্গলগ্রহ-সহ (যার অংশ চাঁদ) তাদের আরও বড় বিষয়ে নজর দেওয়া উচিত! ’
ভুলভাল টুইট করায় ট্রাম্পের ‘সুনাম’ বহু পুরোনো। শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পর টুইটে ১৩ কোটি মানুষ নিহত হওয়ার খবর দিয়েছিলেন! সেই টুইট কয়েক মিনিট পরে ডিলিট করে দেন। কিন্তু মহাকাশ বিষয়ক এই টুইট এখনো বহাল রেখেছেন তিনি।
আরও পড়ুন: এক সপ্তাহে ৩৬ দেশকে ‘গরম’ দেখালেন ট্রাম্প
বিজ্ঞানীদের মতে চাঁদ কখনোই মঙ্গলের অংশ নয়। চাঁদ থেকে মঙ্গলের দূরত্ব কমপক্ষে ১৪০ মিলিয়ন মাইল।
ট্রাম্পের টুইট নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নাসা। তবে এতটুকু বলা যায় এটি দেখার পর শুধু ভুলভাল মতবাদের কারণে নয়; আরও একটি কথা ভেবে তারা অবাক হবেন।
কেননা নাসায় নিজেই এক কর্মকর্তাকে নিয়োগ দিয়ে গত ১৩ মে ট্রাম্প টুইটে বলেন, ‘২০২৪ সাল নাগাদ আমরা আবার চাঁদে যাচ্ছি।’
সেই তিনি এখন বলছেন, ওখানে যাওয়ার কী দরকার!
