স্থলবন্দরে শিক্ষার্থী লাঞ্ছনা

কুড়িগ্রামে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট : ০৮ জুন ২০১৯, ১১:৪৬ পিএম

কুড়িগ্রামের ঈসানাহাট স্থলবন্দরে দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়া এবং দর্শনার্থী-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কে সোনাহাট বাজার এলাকায় অবরোধ করে রাখে লাঞ্ছনার শিকার বিক্ষুব্ধরা; এর সঙ্গে যোগ দেন এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে এ অবরোধ। অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় রাস্তার দুদিকে বাস, ট্রাক, অটোবাইক, মোটরসাইকেল আটকা পড়ে। পরে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তারা ঈদের ছুটিতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে গেলে বন্দর কর্তৃপক্ষের লোকজন তাদের কাছে প্রবেশমূল্য বাবদ জনপ্রতি ১০ টাকা দাবি করে। শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বন্দরের গার্ড এবং দায়িত্বে থাকা লোকজন তাদের মারপিট এবং লাঞ্ছিত করে। প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি  দেন তারা।

ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, শিক্ষার্থীদের সঙ্গে বন্দরের লোকজনদের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছিল, তা নিরসন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত