ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রাণঘাতী সংঘর্ষের জন্য রাজ্যটির মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সব জায়গায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এর আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে দুই দলের সংঘর্ষে ৪ জন নিহত হন। এর মধ্যে একজন তৃণমূল কর্মী। বাকি তিন জন বিজেপির।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া মুকুল রায় জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পূর্ণ রিপোর্ট পাঠানো হয়েছে। সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাতেই সন্দেশখালি পরিদর্শনে যায়।
কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা দখলদারি নিয়ে উত্তপ্ত। এদিন সন্দেশখালিতে পতাকা খোলা নিয়ে ঝামেলা বাধে। তা সংঘর্ষের আকার নেয়। দু-পক্ষই গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মারা যান তৃণমূলকর্মী কায়েম মোল্লা।
বিজেপির দাবি তাদের কর্মী তপন মণ্ডল, সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডলের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও দু-জন নিখোঁজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্দেশখালির ন্যাজাট থানার হাটগাছি গ্রামে তৃণমূলের প্রতিবাদ মিছিল বের হয়। সেখানে ৪৯ নং বুথে বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছিল। তা থেকেই গন্ডগোলের সূত্রপাত।
