নারায়ণগঞ্জের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ বরিশালে উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৪:৪৫ পিএম

নারায়ণগঞ্জের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নজরুল চৌধুরীর (৪৮) লাশ বরিশালের উজিরপুরে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নিহতের ছেলে ও স্বজনরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।  

নিহত নজরুল চৌধুরী কুমিল্লা জেলার সালধর এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি ২০-২৫ বছর ধরে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় বাসা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি বাবুরাইল এলাকায় চৈতী জুয়েলার্স নামক সোনার দোকানের মালিক তিনি।

নিহতের ভাই মো. সুলতান দেশ রূপান্তরকে জানান, ২ জুন বাসা থেকে ৫০ হাজার টাকা ও অলংকার নিয়ে বের হন নজরুল চৌধুরী। এরপর আর বাসায় ফেরেননি। এ বিষয়ে গত ৩ জুন তার ছেলে মুন্না চৌধুরী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার মোবাইলের সর্বশেষ অবস্থান বরিশালের উজিরপুর এলাকায় নিশ্চিত হয়।

তিনি জানান, ঈদের দিন উজিরপুরে গিয়ে নজরুল চৌধুরীর সন্ধান চালানো হলেও কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার উজিরপুর থানা-পুলিশ মুগাকাঠি গ্রামের পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা লাশটি নজরুল চৌধুরীর বলে শনাক্ত করেন।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন দেশ রূপান্তরকে জানান, ৭ জুন শুক্রবার মুগাকাঠি গ্রামের পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। লাশের একটি ছবি নারায়ণগঞ্জ থানায় পাঠানো হলে নিহতের ছেলে মুন্না চৌধুরী ছবি দেখে লাশ শনাক্ত করেন।

হেলালউদ্দিন আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলায় গামছা প্যাঁচানো ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ছেলে মুন্না চৌধুরীর দাবি, তার বাবাকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত