বছরে একবার পানির নিচ থেকে জেগে ওঠে গ্রামটি

আপডেট : ০৯ জুন ২০১৯, ১১:২৮ পিএম

বছরের এগারো মাসই পানির নিচে থাকে ভারতের একটি গ্রাম। তবে এক মাস এটি পানির নিচ থেকে বাড়িঘরসহ ভেসে উঠে। পশ্চিম ভারতের রাজ্য গোয়ায় অবস্থিত এ গ্রামটি।

বিবিসি জানায়, দুইটা পাহাড়ের মাঝখানে চুরদি নামে এ গ্রামটির সঙ্গে সংযুক্ত আছে গোয়ার প্রধানতম নদী সালাউলিম।

১৯৮৬ সালে গ্রামটি পানির নিচে চলে যায়। সে সময়ে সালাউলিম নদীর ওপরে রাজ্যের প্রথম বাঁধটি গড়ে তোলা হয়।

তখন গ্রামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে পানির নিচে হারিয়ে যায় এটি। তখন থেকেই ধারণা করা হতো, গ্রামটি অস্তিত্বহীন হয়ে পড়েছে।

তবে সবাইকে অবাক করে দিয়ে কিছু বছর থেকে গ্রামটি জেগে উঠতে শুরু করে। বিশেষ করে বছরের মে মাসে গ্রামটি ফিরে আসে আগের অবস্থানে। ঘরবাড়ির ধ্বংসাবশেষ, গাছের শিকড়, ভাঙাচোরা নানান গৃহস্থালি ছড়িয়ে ছিটিয়ে থাকে।

গ্রামটি ছিল খুবই উর্বর। ৩ হাজার মানুষ এটিতে বসবাস করতেন।  হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান-তিন ধর্মের মানুষ ছিল এতে। ধানখেতের চারপাশে নারিকেল, কাজুবাদাম, আম ও কাঁঠাল গাছ লাগানো হতো। 

এ গ্রামেই জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী মগুবাই কুর্দিকার, যিনি আরেক নামকরা শাস্ত্রীয় সংগীতশিল্পী কিশোরী আমনকারের মা।

মে মাসে গ্রামটি জেগে উঠলেই এখানে ভিড় করেন পুরোনো গ্রামবাসীরা। নিজেদের ভিটেমাটি ফিরে এসে স্মৃতিচারণ করেন পুরোনো দিনগুলোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত