রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা থেকে দুই ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, গতকাল রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাব-১০-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. গোলাম সারোয়ার (২৪), শাহ আলম (৩৮), মানিক মিয়া (৫৪), দেলোয়ার হোসেন (২৮), সামাদ শিকদার (৬৫), হোসেন শাহীন (৪০) ও মো. ফারুক মোল্লা (৩৭)।
মেজর আশরাফুল হক জানান, চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭টি চাকু, ২০টি ব্লেড, ৭টি মোবাইল ফোন ও সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
