গেমস খেলতে দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

আপডেট : ১০ জুন ২০১৯, ১১:৩৩ এএম

সাভারে ছয় বছরের এক শিশুকে মজা কিনে দেওয়া এবং মোবাইলে গেমস খেলতে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত দিপক হোসেন দিপুকে (২০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মাছ বিক্রেতা বাবা বাদী হয়ে রোববার রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের দক্ষিণ সান্দারগ্রাম বেদেপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক দিপু ঢাকার কেরানীগঞ্জ থানার হযরতপুর গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা শনিবার সন্ধ্যায় মাছ বিক্রি করে বাসায় ফেরেন। এ সময় তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে থাকলেও ৬ বছরের শিশু মিথিলাকে খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তীতে তিনি মেয়ের নাম ধরে ডাকাডাকি করে আশপাশে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী মো. হায়াত আলীর ঘরের দিকে গেলে হঠাৎ দিপক হোসেন দিপু ঘরের ভেতর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি ওই ঘরে প্রবেশ করে মেয়েকে উলঙ্গ অবস্থায় মেঝেতে শুইয়ে চিৎকার করতে দেখেন। এ ঘটনায় তিনি প্রতিবেশীদের ডেকে এনে তাদের সামনে মেয়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। জবাবে মেয়েটিকে টাকা দিয়ে মজা কিনে দেওয়া এবং মোবাইলে গেমস খেলতে দেওয়ার কথা বলে দিপু তাকে ওই ঘরে নিয়ে যায় এবং ঘরের দরজা আটকে তাকে মেঝেতে শুইয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানায়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।” এছাড়া অভিযুক্ত দিপুকে আটক করে ওই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত