মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ১০ জুন ২০১৯, ০৮:২২ পিএম

রাজবাড়ির বালিয়াকান্দিতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় সোমবার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামীর নাম ইকরাম শেখ (২০)। তার পিতার নাম ফারুক শেখ। বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে।

বালিয়াকান্দি থানার এস. আই হাবিবুর রহমান জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের ফারুক শেখের পুত্র ইকরাম শেখ অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই মাদ্রাসা ছাত্রীকে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার রাত ৮টার দিকে ইকরাম ও তার সহযোগীরা মেয়েটিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

পরে সে পার্শ্ববর্তী সারুটিয়া গ্রামের বিষু শেখের ছেলে একেন শেখের পরিত্যক্ত ঘরে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। খোঁজ নিয়ে স্থানীয় লোকজন সহ পরিবারের সদস্যরা সেখানে গেলে রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে ফেলে রেখে ইকরাম শেখ পালিয়ে যায়।

এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার মামলা দায়ের করে। মামলার পর অভিযান চালিয়ে ইকরাম শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ি আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত