থেমে থেমে বৃষ্টি হচ্ছে ব্রিস্টলে। আকাশ ঢাকা কালো মেঘে। তাতে বড় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। নির্ধারিত সময়ে হয়নি টস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনভর চলবে বৃষ্টি।
স্থানীয় সময় ১০টায় ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। টস হওয়ার কথা আধা ঘণ্টা আগে। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কোনোটাই সম্ভব হচ্ছে না।
বৃষ্টির কারণে একই মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। খেলা মাঠেই গড়ায়নি সেদিন। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছিল দুদল। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও এমন কিছু ঘটলে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। কারণ লঙ্কানদের বিপক্ষে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা করছে টাইগাররা।
ওয়ানডে ক্রিকেটে সার্বিক পরিসংখ্যানে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও তুলনামূলকভাবে এবার তারা অনেক শক্তিশালী। দল দুটির মধ্যে এখন পর্যন্ত ওডিআই ম্যাচ হয়েছে ৪৫টি। এর মধ্যে বাংলাদেশের জয়ে সাতটি ম্যাচে, শ্রীলঙ্কা ৩৬টি ম্যাচে। পরিত্যাক্ত দুটি ম্যাচ। আর বিশ্বকাপে দল দুটি মুখোমুখি হয়েছে তিনবার। এর মধ্যে একবারো জয় পায়নি বাংলাদেশ। তিনটিতেই জয় শ্রীলঙ্কার।
