সোনারগাঁয়ে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, চালক আটক

আপডেট : ১১ জুন ২০১৯, ০৯:২৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বদেশ পরিবহনের চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ চেষ্টা করেছে ওই বাসের চালক। জনতা বাসের চালক শামীম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে ওই তরুণী।

মামলার এজাহার থেকে জানা গেছে, সোমবার রাত নয়টায় কাঁচপুর থেকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভাটেরচর যাওয়ার উদ্দেশ্যে স্বদেশ পরিবহনের বাসে ওঠেন ওই তরুণী। বাসটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আসলে সব যাত্রী নেমে যায়। এসময় ওই তরুণী বাসের পেছনের সিটে বসা ছিল। সে বাস থেকে নামতে চাইলে বাসের চালক শামীম ও হেলপার নিরব তাকে বাধা দেয়। এবং বলে যে তাকে তারা মেঘনা নিউটাউন এলাকায় ভালভাবে নামিয়ে দেবে। কিন্তু মোগরাপাড়া থেকে বাস ছাড়ার পর পরই তাকে মুখ চেপে ধরে বাসের হেলপার পেছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে বাসটি মেঘনা নিউটাউন এলাকায় পৌঁছালে বাসটি ঘুরিয়ে আবারো চৌরাস্তার দিকে আসা শুরু করে। এসময় বাসের চালক শামীম তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করতে থাকে। এসময় হেলপার নিরব বাস চালাচ্ছিল।

রাত সাড়ে ১০টায় মেঘনা শিল্প নগরী এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে গাড়ির জন্যে অপেক্ষা করছিল, এমন সময় স্বদেশ পরিবহন দেখে তারা এটিকে থামতে বললে গাড়িটি দ্রুত গতিতে ছুটতে থাকে বাসের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার ভেসে আসতে থাকলে লোকজনের সন্দেহ হয়। জনতা গাড়িটিকে ধাওয়া করে গাড়িটি থামায়। তারা গাড়ির ভেতর প্রবেশ করে  ওই তরুণীকে উদ্ধার করে।

এসময় ওই তরুণী উপস্থিত জনতার কাছে সব ঘটনা খুলে বললে তারা চালক শামীমকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হেলপার নিরব।

খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক তাওহীদ গাড়ির চালক শামীম এবং স্বদেশ বাস ( ঢাকা মেট্টো-ব-১১-৭২৬৫) গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।

চালক শামীম মিয়া সোনারগাঁ উপজেলার নানাখি মধ্যপাড়া গ্রামের আ. রব ভূঁইয়ার ছেলে। ধর্ষণ চেষ্টার শিকার ওই যুবতীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় স্থানীয় একটি কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতো পাশাপাশি স্থানীয় একটি কলেজে স্নাতক শ্রেণিতে পড়াশুনা করে। ঈদের ছুটি শেষে কিশোরগঞ্জ থেকে কর্মস্থলে ফেরার সময় সে এ ঘটনার শিকার হয়।

এ ব্যাপারে স্বদেশ পরিবহনের চেয়ারম্যান আব্দুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক চালক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত