ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর বলেছেন, (বুধবার) আগামীকাল মিয়ানমার সফর করবেন। সফরকালে তিনি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলোচনা হবে মানবাধিকার বিষয়ে। সেখানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মূল পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।
তিনি মঙ্গলবার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যবসান কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে চান। সে জন্য মিয়ানমারে রোহিঙ্গা মূল পরিচয় এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে চান। মিয়ানমার সফরকালে রোহিঙ্গাদের প্রত্যবসান ইস্যুটি গুরুত্বের সাথে আলোচনা হবে।
এর আগে সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এসময় কক্সবাজারের কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। এরপর দুপুরে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যবসান কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাথে সাক্ষাত করেন তিনি। এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটের ধরন নিয়ে বাংলাদেশের ধারণা নিয়ে তিনি মিয়ানমার সফর করার কথা রয়েছে।
মিয়ানমারের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়মিত আলাপের অংশ হিসেবে মানবাধিকার ইস্যুতে তিনি এই সফর করছেন। তবে প্রথম এজেন্ডা হিসেবে স্থান পানে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গা ইস্যুতে তিনি মিয়ানমারের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। এর আগে অবস্থান নেওয়া রোহিঙ্গা সহ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থান করছে ১১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে এখনও চিকিৎসাসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।
