ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, দীর্ঘ ৩৮ বছর ধরে আওয়ামী লীগকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজক।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন বলেন, ‘বাংলার নেত্রী শেখ হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দেশ। ১৮ হাজার মেঘাওয়াট বিদ্যুতের দেশ। বাংলাদেশ আজ ১২২টি দেশে ওষুধ রপ্তানি করছে। বস্ত্র রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এসব সম্ভব হয়েছে।’
সাঈদ খোকন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে শেখ হাসিনা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম একজন নেত্রী উল্লেখ করে সাঈদ খোকন বলেন, আগামী ২৩ জুন ৭০ বছরে পদার্পণ করবে আওয়ামী লীগ। এ উপমহাদেশে কংগ্রেসের পর দ্বিতীয় প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।
