তিউনিসিয়ার উপকূলসীমায় ৭৫ অভিবাসীকে নিয়ে একটি উদ্ধারকারী নৌকা আটকে পড়েছে। এর মধ্যে ৬৪ জনই বাংলাদেশি। তিউনিসীয় কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে না দেওয়ায় ১২ দিন ধরে তারা ভাসমান অবস্থায় আছে। রেড ক্রিসেন্টকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিসরের একটি উদ্ধারকারী নৌকা ওই অভিবাসীদেরকে তিউনিসীয় জলসীমা থেকে উদ্ধার করলেও মেডিনিন শহর কর্তৃপক্ষ বলছে, উদ্ধার হওয়াদের আশ্রয় দেওয়ার মতো জায়গা তাদের অভিবাসী কেন্দ্রগুলো নেই।
উদ্ধারকৃত অভিবাসীদের নিয়ে উপকূলীয় জারজিস শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে মিসরের নৌকাটি।
তিউনিসিয়ার এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সাগরে ভাসমান অভিবাসীরা খাবার ও চিকিৎসা সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপে পাড়ি জমানোর অনুমতি চাইছে তারা।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মনগি স্লিম রয়টার্সকে বলেন, “সাগরে ১২ দিন ধরে এভাবে থাকার পর অভিবাসীদের অবস্থা খুব খারাপ। ভাসমান অভিবাসীদের খানিক চিকিৎসা সহায়তা দিতে চিকিৎসকদের একটি দল নৌকাটির কাছে পৌঁছেছেন।”
সম্প্রতি অভিবাসীদের বহন করা একটি নৌকা লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমায় এবং মাঝ সমুদ্রে আটকা পড়ে। রেড ক্রিসেন্ট জানিয়েছে আটকে পড়াদের মধ্যে ৬৪ বাংলাদেশি ছাড়াও মরক্কো, সুদান ও মিসরের অভিবাসীরা রয়েছেন।
