বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুখের ঘায়ের জন্য ডেন্টাল ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।
১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে ভর্তি খালেদা জিয়াকে বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে হাসপাতালের ‘এ’ ব্লকে নেয়া হয়।
পরে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হয় চতুর্থ তলায় ডেন্টাল ইউনিটে।
ঘণ্টাখানেক পর কড়া নিরাপত্তার মধ্যে আবার তাকে কেবিনে ফিরিয়ে নেয়া হয় বলে হাসপাতালের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম জানান।
চিকিৎসকরা জানান, একটি দাঁতের অসমান অবস্থানের কারণে খালেদা জিয়ার মুখে ও জিহ্বায় ঘা হচ্ছিল। ডেন্টাল ইউনিটে গ্রাইন্ডিং করে ওই দাঁত ঠিক করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা খাটছেন খালেদা জিয়া। ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।
