শেরপুরের নকলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গাছে বেঁধে এক গৃহবধুকে নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দিয়েছেন জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম খান।
একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে ঘটনার প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
পৌর শহরের কায়দা এলাকার কৃষক শফিউল্লাহর স্ত্রী ডলি খানমকে (২২) গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। পরে সেটি ভাইরালও হয়।
তবে তার আগেই গত ৩ জুন শফিউল্লাহ শেরপুরের আমলী আদালতে ভাই আবু সালেহসহ ৫ জনের নাম উল্লেখসহ আরো ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন।
জামালপুর পিবিআইয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার বলেন, মামলাটি এখনও হাতে পাইনি। পেলে অবশ্যই দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
