দেশে অন্তত সাড়ে ৪ কোটি মানুষ নন-অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস (ন্যাশ) বা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত এবং লিভার সিরোসিসে আক্রান্ত ১৮ লাখ মানুষ। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানিয়েছে ‘ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার’। সচেতনতা না বাড়ালে অদূর ভবিষ্যতে দেশের মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বলেও এ সময় জানানো হয়।
দ্বিতীয় আন্তর্জাতিক ন্যাশ দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে সংগঠনের বাংলাদেশ শাখার চেয়ারম্যান শহীদজায়া শ্যামলী নাসরিন বলেন, ‘ন্যাশ প্রধানত খাদ্যাভ্যাস বা শারীরিক শ্রম না করলে হয়। এ রোগ মানবদেহের অন্যতম অঙ্গ লিভারে চর্বি জমে এর কার্যক্ষমতা নষ্ট করে। সঠিক সময়ে প্রতিরোধ না করলে ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা লোপ পায়, যা লিভার সিরোসিস এমনকি লিভার ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়। প্রাথমিক পর্যায়ে কোনো বাহ্যিক লক্ষণ না থাকায় মানুষ এ রোগের প্রতিকার সম্পর্কে সচেতন নয়। এজন্য সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।’
মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘পশ্চিমা বিশ্বে খাদ্যের কোয়ালিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ফলে মানুষ ফাস্ট ফুড খেয়েও অসুস্থ কম হচ্ছে। কোয়ালিটি নিয়ন্ত্রণে রাষ্ট্রকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
