অর্থ-সময়-সম্মানের দাবিতে ধর্মঘটের পথে লাখো সুইস নারী

আপডেট : ১৪ জুন ২০১৯, ১০:০৫ এএম

সমান অধিকারের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ডের নারীরা। শুক্রবার লাখো নারী সুইজারল্যান্ডের রাস্তায় নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, ২৮ বছর আগে একই দাবিতে বিক্ষোভ করে সুইস নারীরা। অর্থ, সময় ও সম্মানের দাবিতে ১৯৯১ সালে প্রায় ৫ লাখ নারী রাস্তায় নেমে এসেছিল।

সে সময় সুইস সরকারে ছিল না কোনো নারী প্রতিনিধি। এমনকি নারীদের জন্য ছিল না বিধিবদ্ধ কোনো মাতৃত্বকালীন ছুটি।

সুইজারল্যান্ডের নারীদের উপার্জন পুরুষদের চেয়ে এখনো ২০% কম। কর্মস্থলে পুরুষদের তুলনায় নিচের অবস্থানে তাদের প্রতিনিধিত্ব করতে হয়। দেশটিতে শিশু লালন-পালন ব্যবস্থা শুধু ব্যয়বহুলই নয়, অনেক ক্ষেত্রে সুবিধাও কম থাকে।

সাংবাদিক বিটরিক বর্ন অন্তঃসত্ত্বা অবস্থায় ১৯৯১ সালের ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন। তার মতো অনেকেই এবারও রাস্তায় নামছেন সমান অধিকারের দাবিতে।

এ নারী বিবিসিকে বলেন, “আমরা সেইবার নিজেদের দারুণভাবে শক্তিশালী করে তুলেছিলাম। আমি মনে করেছিলাম, এরপর আমাদের সামনে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না।”

কিন্তু সন্তান জন্মদান ও তাকে লালন পালন করা সহ কর্মস্থলে নিজের অবস্থানে মারাত্মক প্রতিকূলতার শিকার হতে হয় তাকে।

১৯৯১ সালের আন্দোলনের একজন সংগঠক পলা ফেরো বলেন, “গত ২৮ বছরে কিছুটা অগ্রগতি হয়েছে বলা যায়। তারপরেও বেতন-মজুরি এবং পেনশনে কিছুটা ঘাটতি থেকে গেছে। সুইস নারীদের পেনশন পুরুষদের তুলনায় এখনো ৩৭%  কম। সন্তান লালন পালনের জন্য নারীরা কর্মস্থলে কম সময় দিতে পারেন বলে তাদের এ বৈষম্যের শিকার হতে হয়।”

শুক্রবার রাজপথে নামছেন নিকোলের মতো ২৪ বছর বয়সী নারীও। তিনি বলেন, “যারা বিক্ষোভে আসতে পারছেন না বা সাহস করে নামতে পারছেন না তাদের প্রতিনিধি হয়েই আমি রাস্তায় থাকব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত