ফের রোমান্স করবেন আমির-কারিনা

আপডেট : ১৪ জুন ২০১৯, ০১:০৫ পিএম

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের সঙ্গে কারিনা কাপুর খানের জমজমাট রসায়ন দেখেছিল বলিউড দর্শকেরা। আবারও নাকি মিস্টার পারফেকশনিস্টের নায়িকা হতে যাচ্ছেন ছোট নবাব সাইফ আলী খানের স্ত্রী।

হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক নিয়ে আমির খানের এখনকার ব্যস্ততা। মার্চে নিজের জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’ নামের সিনেমাটির ঘোষণা দিলেও বিস্তারিত জানাননি। তবে শোনা যাচ্ছে, প্রধান নারী চরিত্রে থাকছেন কারিনা।

বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি পরিচালক অদ্বৈত চন্দন সিনেমাটির জন্য কারিনাকে প্রস্তাব দিয়েছেন। লন্ডনে ‘অ্যাংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিং শেষ করে নির্মাতার সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বর্তমানে রিয়্যালিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স: ব্যাটেল অব দ্য চ্যাম্পিয়ন’-এ বিচারক হিসেবে ব্যস্ত আছেন কারিনা। এ ছাড়া ইরফান খানের সঙ্গে ‘অ্যাংরেজি মিডিয়াম’ শেষ দিকে আছে। এ ছবিতে কারিনার চরিত্র গুরুত্বপূর্ণ হলেও ব্যাপ্তি বেশি নয়। ২০১৭ সালের হিট সিনেমার সিক্যুয়েলে পুলিশ অফিসার হিসেবে দেখা দিচ্ছেন এ নায়িকা। সঙ্গে আরও আছেন রাধিকা মদন ও পঙ্কজ ত্রিপাঠি।

এদিকে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত ‘গুড নিউজ’। এ সিনেমায় আরও আছেন ‘উড়তা পাঞ্জাব’-এর সহশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।

‘থ্রি ইডিয়টস’ ছাড়াও ‘তালাশ’ সিনেমায় অভিনয় করেছেন আমির-কারিনা। তবে এতে ভৌতিক চরিত্রে ছিলেন নায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত