কর্ণফুলী নদীতে একটি কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বন্দর কর্মকর্তারা।
তারা বলেন জানান, বহির্নোঙর থেকে কন্টেইনারবাহী জাহাজ এমভি এক্সপ্রেস মহানন্দাকে বন্দর জেটিতে নেওয়ার পথে ডলফিন জেটি থেকে বের হয়ে আসা অয়েল ট্যাংকার এমটি বুরগানের সঙ্গে কর্ণফুলী নদীতে সংঘর্ষ হয়। এতে জাহাজ দুটির একটি অপরটির সঙ্গে আটকে যায়।
এর পরপরই বন্দর চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। বন্দরের ছয়টি টাগ বোট দিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর জাহাজ দুটিকে ছাড়ানো সম্ভব হয়।
এর পর কন্টেইনার জাহাজ মহানন্দাকে টাগ বোট দিয়ে টেনে চট্টগ্রাম ড্রাইডক জেটির কাছে নিয়ে যাওয়া হয়। ওই জাহাজে ৭৪৪ টিইইউস আমদানি পণ্যবাহী কন্টেইনার রয়েছ। অন্যদিকে অয়েল ট্যাংকর এমটি বুরগানকে ডলফিন জেটির কাছে রাখা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, জাহাজ দুটি সরানোর পর সকাল সাড়ে ১১টার দিকে বন্দর চ্যানেল জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, দুই জাহাজের সংঘর্ষের ঘটনা তদন্তে ডেপুটি কনজারভেটর মো. ফরিদুল আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বন্দরের চিফ হাইড্রোগ্রাফার ও একজন পাইলটকে সদস্য করা হয়েছে।
কমিটি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
