পিরোজপুরের ইন্দুরকানিতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এক চিকিৎসকসহ নিজেও প্রাণ হারালেন। নিহত চিকিৎসকের নাম মনিরুল ইসলাম গাজী (৫৭)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইন্দুরকানি-কলারন সড়কের উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনের সড়কে এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘোষেরহাট থেকে সাকিব বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। ইন্দুরকানি-কলারন সড়কের উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে স্থানীয় মনিরুল ইসলাম গাজী নামে এক চিকিৎসককে পেছন থেকে ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়ে যান।
পরে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১ টার দিকে মনিরুল মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল চালক ও ছাত্রলীগ নেতা সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১১ টার দিকে তিনিও মারা যান।
নিহত সাকিব উপজেলার গাবগাছিয়া গ্রামের আবু জাফর মুহা. সালেহ বিন হেলালীর ছেলে এবং ইন্দুরকানি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি ছিলেন।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
