চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার আসামি আহত

আপডেট : ১৫ জুন ২০১৯, ০২:৩৯ এএম

চট্টগ্রাম নগরীর খুলশী থানার রেলওয়ে জাদুঘর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইয়াসিন (৩০) নামের এক যুবক আহত হয়েছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার মধ্যরাতে বন্দুকযুদ্ধে আহত ইয়াসিন ছিনতাই মামলার আসামি। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি গ্রামের বাসিন্দা।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ১১ জুন ভোরে নগরীর গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় মহসিন উদ্দিন বাবু নামে একজন ছিনতাইয়ের শিকার হন। চার ছিনতাইকারী অস্ত্রের মুখে তার কাছ থেকে ১৩ হাজার টাকা, মোবাইল ও একটি এলইডি টিভি ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি খুলশী থানায় মামলা করেন। পরদিন অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত ওমর ফারুক (২৫) ও বাবুল হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তারা আদালতে জবানবন্দি দেয়। সেখানে তারা ইয়াসিনের নাম বলে। রাত সাড়ে ১১টার দিকে খুলশীর ঢেবারপাড় থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে ছিনতাই মালামাল উদ্ধারে গেলে তার সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে ইয়াসিন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ফরিদুল ইসলাম (১৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, ১২ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত