সিনেমার নিউজ চান না চয়নিকা চৌধুরী

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৮:০০ পিএম

গত ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেশ ঘটা করেই নিজের প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র মহরত করেন চয়নিকা চৌধুরী। এই ছবির প্রধান অভিনয়শিল্পী পরী মনি ও সিয়াম আহমেদকেও পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে। মহরতের পর থেকেই সিনেমা প্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে নাগাদ শুরু হবে ‘বিশ্ব সুন্দরী’ ছবির কাজ। সেই অপেক্ষার অবসান হচ্ছে এবার।

এদিকে বেশ কিছু গণমাধ্যম খবর দিয়েছে, ১৮ জুন থেকে ‘বিশ্ব সুন্দরী’ ছবির শুটিং শুরু হবে ফরিদপুরের পদ্মার তীরে। খবরের সত্যতা জানতে চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে চয়নিকা বলেন, ‘এসব নিউজ কারা করেছে, জানি না। কেউ আমার সঙ্গে কথা বলে নিউজ করেনি। এসব ভুয়া খবর।’

তিনি আরও বলেন, ‘আমার ছবির নিউজ আমি নিজেই জানাব। ১ জুলাইয়ের আগে এ বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। এই মুহূর্তে আমার সিনেমার কোনো নিউজ আমি চাই না।’

তাহলে গণমাধ্যমের খবর কি মিথ্যা? জবাবে চয়নিকা বলেন, ‘যে যার মতো করে লিখে যাচ্ছে। এসব আমি জানি না।’

এদিকে বেশ কিছু গণমাধ্যম কর্মী চয়নিকা চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ তুলেছেন পিআর এজেন্সি নির্ভর নির্মাতা বলেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা সঠিক তথ্য নিয়েই সংবাদ পরিবেশন করি। কিন্তু চয়নিকা চৌধুরীর মতো জনপ্রিয় পরিচালকরা যখন এমন মনোভাব প্রকাশ করেন তখন সত্যিই খারাপ লাগে। এটা ঠিক না।’

উল্লেখ্য, ‘বিশ্বসুন্দরী’ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশিদ খান। এই ছবিতে পরীমনি-সিয়াম আহমেদ ছাড়াও আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত