ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দেওয়া এক চিঠিতে তারা এ দাবি জানান।
একাধিক অভিভাবকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘দীর্ঘদিন পর স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের উদ্দেশ্যে গত ২৬ এপ্রিল প্রহসনমূলক নিয়োগ পরীক্ষা হয়। এর আগে নিয়োগ কমিটির সদস্যদের সঙ্গে একজন প্রার্থী একাধিকবার গোপন বৈঠক এবং নগদ লেনদেন করেন। পরে তার মতো অযোগ্য, অসৎ ও দুর্নীতিবাজকে নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিটি। অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত ও বাতিল করা হয়।’ চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
অভিভাবক নেতা আবদুল মজিদ সুজন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা চাই যোগ্য ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হোক। কিন্তু স্বার্থান্বেষী মহল অধ্যক্ষ নিয়োগ দেওয়ার নামে বাণিজ্য করছে।’ তিনি আরও বলেন, ‘নিয়োগের নামে যারা বাণিজ্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দাবিতে আমরা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে লিখিতভাবে জানিয়েছি।’
