বর্ষা মৌসুমে দুর্যোগ শুরু হওয়ার আগেই তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গতকাল শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বন্যা হবে, নদীভাঙন হবে, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, তা শেখ হাসিনার সরকারের কাজ নয়। এ বছর সারা দেশে নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব এলাকা নদীভাঙনপ্রবণ, সেসব এলাকায় কর্মকর্তার সংখ্যাও বাড়ানো হয়েছে।
তিনি মতলব উত্তরের ধনাগোদা সেচপ্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং এখলাসপুর, আমিরাবাদ, কালিপুর বাজারে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ কর্র্তৃক আয়োজিত বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।
