আইএস এবং ইয়াজিদি দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই থাকলেও এই প্রজন্মের দুই কিশোরী সবাইকে অবাক করেছে। দুই ইয়াজিদি কন্যা তাদের শত্রু শিবির আইএসের কাছ থেকে কিছুতেই ফিরতে চাচ্ছে না।
সিরিয়ায় দিনে দিনে আইএস পতনের মুখে। সেখানে আল-হোল ক্যাম্পে থাকে ওই দুই কিশোরী।
বছর তিন আগে এই শিবিরেই কোনোভাবে এসে পড়েছিল ৮ আর ১১ বছরের ওই দুই ইয়াজিদি কিশোরী। পরিবার ছেড়ে এমন ভয়ংকর মানুষগুলোর কাছে এসে তো আতঙ্কে কুঁকড়ে থাকার কথা। কিন্তু দুই বোন শোনাচ্ছে অন্য গল্প।
এখন দু’জনের বয়স ১১ ও ১৪ বছর। সম্প্রতি আইএসের পতনের পর মেয়েদের খবর পেয়ে আল-হোল শিবিরে গিয়েছিলেন ইয়াজিদি নেতা মোহাম্মদ রাশো। ঘরের মেয়েদের ঘরে ফেরাতে। কিন্তু এ কী বিচিত্র ব্যাপার! মেয়েরা তো তাকে চিনতেই চাইছে না। ঘরে ফেরার নাম শুনে কেঁদেকেটে একাকার। কিছুতেই ওই আইএস বন্ধুদের ছেড়ে মা, বাবার কাছে ফিরতে একেবারেই রাজি নয়।
দুই মেয়ে বলছে, তিন বছর আগেই তাদের জীবন পালটে দিয়েছে আইএস সদস্যরা। নতুন নামকরণ করেছে, নতুন জীবন, পরিবার দিয়েছে, বদলে দিয়েছে আদর্শও।
তারা এও বলছে, ‘আমরা নতুন মাকে নিজের মায়ের চেয়েও ভালোবাসি। তিনি আমাদের মায়ের চেয়েও বেশি যত্ন করেছেন। আমাদের নিজেদের বাবা, মায়ের তো ডিভোর্স। তারা আমাদের খুব একটা গুরুত্বই দেননি। কিন্তু উনি আমাদের এমনভাবে বড় করছেন, যেন আমরা তার নিজের মেয়ে।’
