শিগগিরই নবম ওয়েজ বোর্ড নিয়ে সিদ্ধান্ত : সেতুমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০১৯, ১২:৫৮ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবম ওয়েজ বোর্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। গতকাল রবিবার দুপুর ১২টায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নবম ওয়েজ বোর্ড প্রণয়ন কমিটির সঙ্গে ওয়েজ বোর্ডসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আজকের এ বৈঠক শেষবারের মতো। বিষয়টি ঝুলিয়ে রেখে সময়ক্ষেপণ করা কোনো যুক্তিসংগত কাজ হবে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই সিদ্ধান্ত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘নবম ওয়েজ বোর্ড শুধু পত্রিকার জন্য। ইলেকট্রনিক মিডিয়ার জন্য নতুন আইন করা হবে, সেটা হবে গণমাধ্যমকর্মী আইন।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান ছাড়াও সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মোল্লা জালাল, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত