মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১৮ জুন ২০১৯, ০৩:০৯ এএম

ঢাকার ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। কার্যতালিকায় এলে আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ১১ জুন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। এর আগের দিন রাজধানীর খামারবাড়িতে একটি সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ৬ মাসে নিয়মিত বাজার তদারকির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত