মতিঝিল মডেল হাই স্কুল

দুই শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ এমপিওভুক্তির অভিযোগ

আপডেট : ১৮ জুন ২০১৯, ০৩:৩১ এএম

মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুবনা আক্তার ও ফাতেমা আক্তারের বিরুদ্ধে অবৈধভাবে এমপিওভুক্তির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর এ অভিযোগ তুলে চিঠি দেন এক অভিভাবক।

চিঠিতে বলা হয়, ‘শিক্ষিকা লুবনার ইনডেক্স নং ৩৪০৮৬০৪৯ এবং ফাতেমার ইনডেক্স নং ৩৪০৮৬০৫৭। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ পরীক্ষার নম্বরপত্র, প্রতিষ্ঠানের রেজ্যুলেশন এবং তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করলে দেখা যাবে তারা সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ ও এমপিওভুক্ত হয়েছেন।’

এতে আরও বলা হয়েছে, ‘লুবনা শিক্ষাজীবনে দুটি তৃতীয় বিভাগ এবং স্নাতক পরীক্ষায় বিশেষ বিবেচনায় পাস করেছেন। আর ফাতেমা একটিতে দ্বিতীয় এবং বাকি দুটিতে তৃতীয় বিভাগে পাস করেন, যা বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালার পরিপন্থি।’ প্রভাব খাটিয়ে তারা নিয়োগ ও এমপিওভুক্ত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে তাতে। চিঠিতে অবৈধভাবে নিয়োগ ও এমপিওভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়।

এ বিষয়ে মাউশির মাধ্যমিক শাখার পরিচালক সরকার আবদুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, যদি কাউকে নীতিমালা ভায়োলেট করে নিয়োগ ও এমপিও দেওয়া হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তার আগে অভিযোগটি যাচাই-বাছাই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত