বগুড়া-৬ আসনে উপনির্বাচন

জনগণের মুখোমুখি প্রার্থীরা দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

আপডেট : ১৮ জুন ২০১৯, ১১:০১ পিএম

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব দলের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী বগুড়ার উন্নয়নের অঙ্গীকার করেন।

সুজন বগুড়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন বগুড়ার উন্নয়নে স্থবিরতা এবং আগামীতে কী উন্নয়ন করা হবেÑ এসব বিষয়ে প্রার্থীদেরকে প্রশ্ন করেন।

প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা বলেন, সরকারি দলের কেউ নির্বাচিত হলে বগুড়ার উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। তিনি নির্বাচিত হলে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন এবং এজন্য জনগণের মতামতকে প্রাধান্য দেবেন।

নির্বাচিত হলে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বগুড়ার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর প্রশ্নোত্তরে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন ও বগুড়ায় বিমানবন্দর চালুর পরিকল্পনার কথা বলেন।

বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী রফিকুল ইসলাম ও কংগ্রেসের মনসুর রহমানও জনতার আশার প্রতিফলন ঘটাবেন বলে প্রতিশ্রুতি দেন। অপর দুজন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মিনহাজ মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত