পারিবারিক সহিংসতার বিষয়টি গণমাধ্যমে আসায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আর্মি সেক্রেটারি মার্ক এসপার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শানাহানের পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে শানাহান পদত্যাগ করেছেন ট্রাম্প বলেন, “আমি তাকে পদত্যাগ করতে বলিনি। তবে সকালে তিনি এসে বললেন, তার জন্য এটা কঠিন হয়ে পড়েছে।”
ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, এফবিআই ২০১০ সালে শানাহান ও তার সাবেক স্ত্রীর একে অপরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের বিষয়টি তদন্ত করছে।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ঘটনা তুলে ধরে শানাহান জানান, ওই সময়ে তার ১৭ বছর বয়সী ছেলে বেসবলের ব্যাট দিয়ে মাকে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলেছিল।
পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলেছেন, অনেক আগের ঘটে যাওয়া তার একদম ব্যক্তিগত ও পারিবারিক বেদনাদায়ক ঘটনা খুঁড়ে আনা হয়েছে এবং পুরো বিষয়টি অসম্পূর্ণভাবে ও ভুলভাবে চিত্রায়ণ করা হয়েছে।
তিনি বলেন, যে ক্ষত নিরাময়ে তারা বছরের পর বছর ধরে লড়েছেন, তা নতুন করে খুঁচিয়ে তার তিন সন্তানকে যন্ত্রণার মধ্যে ফেলা হোক তা তিনি চান না।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হওয়া আগে শানাহান বোয়িং কোম্পানিতে নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেমস ম্যাটিস পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন শানাহান।
