উচ্চ আদালতের রেস্টুরেন্টে মুরগীর পঁচা মাংস!

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৮:৫৬ পিএম

ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে উচ্চ আদালতের কণ্ঠ যখন নিয়মিতই সোচ্চার,  একের পর এক দিচ্ছেন পর্যবেক্ষণ ও আদেশ, তখন খোদ সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য রক্ষিত রেস্টুরেন্টে মিলল মুরগীর পঁচা মাংস।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় ‘অলিম্পিয়া প্যালেস’ নামের ওই রেস্তুরায় পাঁচ মাংস পাওয়ার ঘটনা ঘটে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শামীম সরদারের নেতৃত্বে সমিতির কয়েকজন অভিযান চালিয়ে ওই রেস্তুরায় পঁচা মাংসের সন্ধান পান।

এমন ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেন আইনজীবীরা।

আইনজীবীদের জিজ্ঞাসায় অলিম্পিয়া’র ব্যবস্থাপক সোহান বিষয়টি স্বীকার করেন।

আইনজীবীরা অভিযোগ করেন দীর্ঘ দিন ধরেই সুপ্রিম কোর্টের ক্যান্টিন ও রেস্টুরেন্টে পঁচা, বাসি খাবার পরিবেশন করা হলেও তদারকি নেই। ওই ঘটনার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কয়েকজন নেতৃবৃন্দ জেষ্ঠ্য আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেন্ডেন্ট নিমেশ দাস দেশ রূপান্তরকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অলিম্পিয়া প্যালেসকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি রেস্টুরেন্টটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। 

এর আগে সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনের নিচতলার ক্যানটিনে পিঁয়াজুতে পিন পাওয়ার ঘটনা ঘটে। এতে বিক্ষুদ্ধ আইনজীবীরা ওই ক্যানটিনে তালা ঝুলিয়ে দেন।

এ ঘটনায় গত ক্যান্টিন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত