আহত কণ্ঠশিল্পী অভি হাসপাতালে মারা গেছেন

আপডেট : ২০ জুন ২০১৯, ০৯:৪৬ এএম

দুর্বৃত্তদের হামলায় সপ্তাহখানেক আগে আহত কণ্ঠশিল্পী মোহাম্মদ উল্লাহ অভি নীরব (২৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার দিবাগত রাতে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালে গণমাধ্যমকর্মীদের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভির স্বজন হাবিবুর রহমান হাবিব।

বাবা অলিউল্লাহ ও মা কোহিনুর বেগমের সঙ্গে রাজধানীর বংশালের আরমানিটোলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন অভি।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ জুন সকাল ৭টার দিকে বাসায় নাশতা করছিলেন অভি। এ সময় ফোনে কল আসলে দ্রুত বেরিয়ে যান। কিছুক্ষণ পরেই একটি মেয়ের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা অভিকে এলাকার মুকিম বাজার কবরস্থানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ডে) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ঘটনার দিন থেকেই অভি জরুরি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে ঘটনার দিন সন্ধ্যায় বংশাল থানায় অভির পরিবার থানায় একটি মামলা করছিল।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অভির আগ্রহ ছিল। এসএসসির পর থেকে এলাকাসহ বিভিন্ন জায়গার অনুষ্ঠানে নিয়মিত গান গাইতেন। পাশাপাশি একটি সংগীত সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত