যত দিন যাচ্ছে অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান ততই পরিপক্ব। চলতি বিশ্বকাপে নিজের সেরা সময় পার করছেন তিনি। এলোমেলো করে দিচ্ছেন রেকর্ড বুক। বাংলাদেশ দলের তারকা এই ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ জনপ্রিয় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস। তার মতে, ইংরেজ হলে ব্রিটেনের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইটহুড’পেতেন সাকিব!
সাবেক এই ইংলিশ ক্রিকেটার নিকোলাস মনে করেন, সাকিব ক্রিকেটে যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে তিনি ‘নাইটহুড’ খেতাব পাওয়ার যোগ্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসকে মূল্যায়ন করতে গিয়ে নিকোলাস বলেন, “তার অপরাজিত শতক ছিল কাট শটের মাস্টারক্লাস। কোনো ঝুঁকি ছাড়া ব্যাট করার একটি শিক্ষা।”
“যতদূর আমরা মনে করতে পারি- সাকিবই বেশিরভাগ সময় শীর্ষ অলরাউন্ডার হিসেবে থাকে। সাকিব যদি কোনো ইংলিশ ক্রিকেটার হত তাহলে তার জন্য নাইটহুড উপাধি পাওয়া হত নিছক সময়ের ব্যাপার।”
বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরিসহ সাকিব করেছেন সর্বোচ্চ ৩৮৪ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন পাঁচটি। অসাধারণ এই পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন সাকিব।
