একাদশে সাব্বির-রুবেল, নেই সাইফউদ্দিন-মোসাদ্দেক

আপডেট : ২০ জুন ২০১৯, ০৩:১৪ পিএম

আগে থেকেই ধারণা করা হচ্ছিল চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না ফর্মে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তাই হলো। তাদের জায়গায় একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন ও হার্ড হিটার সাব্বির রহমান।

বিশ্বকাপের আগে থেকেই সাইফউদ্দিনের পিঠে ব্যথা ছিল। পুরোপুরি ফিটনেস ফিরে পাচ্ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার চোটটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বুধবার অনুশীলনে পর্যন্ত আসেননি সাইফ। তার শূন্যস্থান পূরণে একাদশে ঢুকলেন রুবেল।

ফিট নন মোসাদ্দেক হোসেন সৈকতও। উইন্ডিজের সঙ্গে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন তিনি। তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় কপাল খুললো সাব্বিরের।

তিনটি পরিবর্তন অস্ট্রেলিয়া একাদশে। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাছাড়া পেসার নাথান কোল্টার-নাইল ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে একাদশে ফিরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বাদ দেওয়া হয়েছে ব্যাটসম্যান শন মার্শ, দুই পেসার জেসন বেহরেনডর্ফ ও কেন রিচার্ডসনকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত