সৌদির কাছে অস্ত্র বিক্রি বেআইনি: ব্রিটিশ আদালতের রায়

আপডেট : ২০ জুন ২০১৯, ০৮:৩০ পিএম

সৌদি আরবের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি বেআইনি ঘোষণা করেছে দেশটির আপিল আদালত।

বৃহস্পতিবার ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড নামের একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় দেয় লন্ডনের একটি আদালত।

দ্য গার্ডিয়ান জানায়, ইয়েমেনে নির্বিচার বোমা হামলায় বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় এসব অস্ত্রের ভূমিকা যথাযথভাবে নিরূপণে মন্ত্রীদের ব্যর্থতায় আদালত এ ঘোষণা দিল।

ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় জ্যেষ্ঠ তিন বিচারপতির বেঞ্চ। সংস্থাটির অভিযোগ, অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের স্পষ্ট ঝুঁকির পরও যুক্তরাজ্য সরকার বিক্রির লাইসেন্স দিয়েছে।

ওই রায়ে আপিল আদালত বলে, সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। আদালতের রায় ঘোষণার সময় এক বিচারপতি টেরেন্স এথারটন বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট অতীতে কিংবা ইয়েমেন যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো পর্যালোচনা দেয়নি সরকার। তারা সে চেষ্টাও করেনি।

তিনি আরও বলেন, আজকের এ রায়ের মধ্য দিয়ে এটা বোঝানো হচ্ছে না যে, সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানির লাইসেন্স দ্রুতই আবশ্যিক বাতিল করতে হবে। আদালত বলেছে, অতীত আচরণ বিবেচনায় নিয়ে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মানবিক আইন লঙ্ঘনের ভবিষ্যৎ ঝুঁকি অবশ্যই নিরূপণ করতে হবে মন্ত্রীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত