নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা (২৮) হত্যার পাঁচ আসামি বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার তারা আত্মসমর্পণ করে। আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আত্মসমর্পণকারীরা হলো বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা গ্রামের নয়ন (২৬), সজীব (৩০), মোহাম্মদ আলী (৬০), রফিক মৃধা (৬০) ও সাইফুল ইসলাম (৪০)। তবে মামলার প্রধান দুই আসামি একই গ্রামের রাজীব (২৩) ও সাগর (২৩) পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুন উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেলকে হত্যা করে। এ ঘটনায় তার বাবা খলিল প্রামাণিক বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় হত্যামামলা করেন।
