চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুলছাত্র ফারহান সাকিব হত্যার ৪ বছর পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি। মামলার অগ্রগতি নিয়ে হতাশ সাকিবের পরিবার। পরিবারের সদস্যরা বিচারের আশায় ঘুরছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার প্রধান আসামি গ্রেপ্তার ও বিচারকাজ দ্রুত শেষ করার দাবিতে মিরসরাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাকিবের পরিবার ও তার সহপাঠীদের সংগঠন ‘সাকিব স্মৃতি সংসদ’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাকিবের বড় ভাই শহীদুল ইসলাম রুবেল। এ সময় সাকিব স্মৃতি সংসদের পক্ষে ছিলেন শাহ আব্দুল্লাহ আল রাহাত, পার্থ ঘোষ, তানভীর হোসেন স্বদেশ, নাইমুর রহমান জিসান ও মহিউদ্দিন রাশেদ।
২০১৫ সালের ৬ জুন মিরসরাইয়ে জেবি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফারহান সাকিবকে অপহরণের পর জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় সাকিবের বড় ভাই শহীদুল ইসলাম রুবেল বাদী হয়ে ওই বছর ১১ জুন হত্যা মামলা করেন। এই হত্যাকান্ডের চার বছরেও ধরা পড়েনি প্রধান দুই আসামি সরোয়ার উদ্দিন ও অপু চন্দ্র নাথ; সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
