শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলে আন্দোলন স্থগিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানায় শিক্ষার্থীরা।
এদিন বিকেল ৩টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুয়েট ক্যাম্পাসে উপস্থিত হন। মন্ত্রী ক্যাম্পাসে যাবেন শুনে ক্যাম্পাসের ক্যাফেটারিয়ার সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে উপাচার্যের রুমে বৈঠক করেন তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক, বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের দাবি-দাওয়া সম্পর্কে আমি আগেই অবগত হয়েছি। তোমাদের সব দাবি যৌক্তিক। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।’
৪ ঘণ্টা বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র হাসান সোহরাব সৈকত দেশ রূপান্তরকে বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের সব দাবির বিষয়ে জেনেছেন। আশ্বাস দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, কিছু দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনই বাস্তবায়নের সক্ষমতা রাখে, কিছু দাবি মেনে নিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় রয়েছে। সে হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মন্ত্রণালয়কে পৃথক সময় বেঁধে দিয়েছি।’
