ইরানে হামলা চালানোর অনুমোদন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে হামলা চালানোর কথা থাকলেও তা থেকে পিছিয়ে এসেছে দেশটি।
শীর্ষ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমসের করা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
হরমুজ প্রণালিতে ১৩০ মিলিয়ন মূল্যের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির ড্রোন ধ্বংস করে ইরান। বৃহস্পতিবারের এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়।
ড্রোন ধ্বংস করে ইরান ‘বড় ভুল’ করেছে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর পরেই প্রাথমিকভাবে ইরানের রাডার ব্যবস্থা এবং মিসাইল ব্যাটারিতে আঘাত হানার অনুমোদন দেন তিনি।
মার্কিন ওই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার সূত্রে জানা যায়, বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি এড়িয়ে সীমিত আকারে এ হামলা চালানোর কথা ছিল।
ট্রাম্প প্রশাসনের ওই সূত্র জানায়, ইরানে হামলা চালানোর জন্য বিমান এবং নৌ স্থাপনা প্রস্তুতও রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করা হয়।
