২০২২ কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট!

আপডেট : ২১ জুন ২০১৯, ০৬:৫৪ পিএম

মেয়েদের ক্রিকেটে যুক্ত হওয়ার অপেক্ষায় নতুন পালক। বিশ্বের অন্যতম ক্রীড়া মহাযজ্ঞ কমনওয়েলথ গেমসে যুক্ত হতে পারে মেয়েদের ক্রিকেট। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য মনোনীত ডিসিপ্লিনগুলোর তালিকায় রয়েছে মেয়েদের ক্রিকেট।

আইসিসি এবং ইসিসির করা যৌথ আবেদন প্রাথমিকভাবে মনোনীত করেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। এখন চূড়ান্তভাবে তা পাশ হওয়ার অপেক্ষায়। কমনওয়েলথ গেমস ফেডারেশন সদস্যদের ভোটে যা পাশ হতে হবে।

আইসিসির প্রধান নির্বাহী মানু সহনি এ প্রসঙ্গে বলেন, “বার্মিংহাম ২০২২ সালে মেয়েদের ক্রিকেট মনোনীত হওয়ার আমরা দারুণ খুশি। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। কমনওয়েলথ গেমস পরিবারের অংশ হওয়াটা গর্বের বিষয়।’’

এর আগে একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট ছিল। সেটি ১৯৯৮ সালে। তবে সেটি ছিল ছেলেদের ক্রিকেট। বাংলাদেশ সহ ১৬ দেশ খেলেছিল সেবার। অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

বিচ ভলিবল ও প্যারা টেবিল টেনিসকেও ২০২২ কমনওয়েলথ গেমসের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শুটিং থাকবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত