বাংলাদেশের ব্যাটিং গভীরতা অস্ট্রেলিয়ার মতো: হাসি

আপডেট : ২১ জুন ২০১৯, ১০:১৭ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অজি ক্রিকেটার মাইক হাসি। তার মতে গেল ক’বছরে দারুণ উন্নতি করা বাংলাদেশের ব্যাটিং এখন অস্ট্রেলিয়ার মানের কাছাকাছি পর্যায়ে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ। যা নিজেদের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। ৪৮ রানে ম্যাচটা হারলেও বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করছেন সবাই।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে ম্যাচ পরবর্তী বিশ্লেষণে মাইক হাসি বাংলাদেশের খেলার প্রশংসা করেন। বলেন, ‘‘অস্ট্রেলিয়াকে পুরোটা সময় লড়াই করতে হয়েছে। বাংলাদেশ যেভাবে এত বড় লক্ষ্যের পেছনে ছুটছিল, সে জন্য তাদের প্রতি আমার অভিবাদন। এটা একটা বিশাল লক্ষ্য ছিল। তবে তারা নিজেদের অবস্থানটা বোঝাতে পেরেছে।’’

‘‘তারা কখনোই হাল ছেড়ে দেয়নি। তারা কঠিন লড়াই করেছে। আর আমার কাছে নিশ্চিতভাবেই মনে হয়েছে, কিছু কিছু সময়ে অস্ট্রেলিয়ানরা চিন্তায় পড়ে গিয়েছিল।’’

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সঙ্গে টাইগারদের ব্যাটিংয়ে তুলনা টেনে হাসি বলেন, ‘‘আপনি যদি দুটি দলকে পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন, বাংলাদেশের ব্যাটিং এতটাই উন্নতি করেছে যে, সেটা প্রায় অস্ট্রেলিয়ার সমমানের হয়ে গেছে।’’

তবে হাসির কাছে দুই দলের মূল পার্থক্যের জায়গাটা হলো বোলিংয়। ৪৪ বছর বয়সী হাসি বলেন, ‘‘বাংলাদেশ যদি বোলিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারে, আগামী কয়েক বছরের এই জায়গাটায় আরও উন্নতি করতে পারে, তবে তারা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরাদের কাতারে উঠতে পারবে। কয়েকজন বিস্ময়কর স্পিনার ও গতিময় পেসার খুঁজে বের করতে হবে তাদের।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত