কামড়ে কান ছিঁড়ে নেয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০১৯, ০৭:২৯ পিএম

কলেজছাত্রীর বাবার কান কামড়ে ছিঁড়ে নেয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগ নেতা আবু জাফর। এ সময় মেয়েটির বাবা বাধা দিলে তার কান কামড়ে ছিঁড়ে নেন ছাত্রলীগ নেতা জাফর।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান। 

ছাত্রলীগ নেতা আবু জাফর দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। 

ঘটনা তদন্তে উপজেলার পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মেয়েটির বাবা বলেন, তার মেয়ে কলেজে যাতায়াতের সময় তাকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন আবু জাফর। তিনি অনেকবার তাকে উত্ত্যক্ত না করতে বলেছেন। এতে আবু জাফর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সে তার বাম কানটি দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নেন। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় থানায় কলেজছাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। ইতিমধ্যে সখিপুর এলাকা থেকে শুক্রবার রাতে আবু জাফরকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত