জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আগামী মাসে ঢাকা সফরে আসছেন। একই মাসে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ তাকেদু ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৮-১১ জুলাই জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
এরপর ১৩- ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য।
এর আগে ২০১১ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।
