কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষক আটক

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৯:৩৫ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়েরের পর এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক স্কুল শিক্ষক আলাল উজ্জামান আলাল একই উপজেলার চিয়ারি গ্রামের আব্দুল মুন্নার ছেলে ও কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ছাত্রী আক্কেলপুর উপজেলার কাশিরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তাকে প্রাইভেট পড়ানোর সময় ওই স্কুলের সহকারী শিক্ষক আলাল উজ্জামান আলাল তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করত। পরে ওই ছাত্রী নবম শ্রেণিতে ওঠার পর তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে নানা সময় ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে আসছে।

গত বছর ছাত্রীটি এসএসসি পাস করার পরও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। এ ঘটনা জানাজানির পর শিক্ষক আলালকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য ছাত্রী ও তার পরিবারকে নানারকম ভয়ভীতি দেখান। বাধ্য হয়ে ছাত্রীর বাবা শনিবার আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলার পরেই রাতে শিক্ষক আলালকে আটক করে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ কিরণ কুমার রায় জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর শিক্ষক আলাল উজ্জামান আলালকে শনিবার রাতে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত