হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি মানুষ গ্রহণ করেনি: জিএম কাদের

আপডেট : ২৩ জুন ২০১৯, ১০:৪২ পিএম

শীর্ষ নেতৃত্বে ভুল আর হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি দেশের মানুষ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দেশের একটি দল শুধুমাত্র নেতাকেন্দ্রিক, তাই নেতার অনুপস্থিতিতে দলটি অস্তিত্ব সংকটে পড়েছে।

রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জিএম কাদের এ কথা বলেন।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরাই নির্বাচন করবে। এতে তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়বে পার্টিতে।

তৃণমূল নেতাকর্মীদের কাছে জবাবদিহি থাকলে কোনও দলেই মনোনয়ন বাণিজ্য বা পদোন্নতি বাণিজ্য হতে পারে না বলেও মত দেন জিএম কাদের।

একজন নেতা দুটি পদে থাকতে পারবেন না জানিয়ে তিনি বলেন, ‘এতে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পার্টিকে সংগঠিত করতে আমরা একটি মেধাবী টিম তৈরি করব।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, লাঙল প্রতীক নিয়ে নিজস্ব রাজনীতি করবেন। মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত