স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সঙ্গে জননিরাপত্তা বিভাগের ছয়টি দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে যে চ্যালেঞ্জ আসছে তা নিয়ে আমরা চিন্তা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত চিন্তা করছে, পরিকল্পনা করছে। কী ধরনের দুর্নীতি বিশ্বে হয়, সেগুলোর বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছে। সে জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। আমাদের সক্ষমতা বৃদ্ধি করছি। যাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতা দেখাচ্ছে। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তারা সব ধরনের খবরকে প্রাধান্য দিয়ে কাজ করে। শ্রীলঙ্কায় একটা ঘটনা ঘটেছে, সে জন্য আমরা একটা সমন্বয় ব্যবস্থা নিয়েছিলাম, সবাই সজাগ ছিলাম বলে ঘটনা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ও দুর্নীতি বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা একটা ব্যাপক কাজ। সব ধরনের নিরাপত্তার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কাজ করছে।’
