নিখোঁজের ২৭ দিন পরও রাব্বি হাসানের সন্ধান মেলেনি। কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। কেন্দুয়া পৌর সদরের কান্দিউড়া গ্রামের চা দোকানদার আজিজুল হকের ছেলে রাব্বি হাসান। সে নেত্রকোনা কেন্দুয়ার সায়মা শাহজাহান অ্যাকাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।
নিখোঁজ রাব্বির মা আছমা আক্তার গত শনিবার সকালে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ২৭ মে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায় রাব্বি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৭ জুন কেন্দুয়া থানায় জিডি করি। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমার ছেলের কোনো সন্ধান দিতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘গত শনিবার (২২ জুন) আমার ছেলের অর্ধবার্ষিকী পরীক্ষার বাংলা বিষয়ে অংশ নেওয়ার কথা ছিল। তার সহপাঠীরা পরীক্ষা দিচ্ছে অথচ আমার ছেলে আজ নিখোঁজ। তার বইগুলো টেবিলে পড়ে আছে।’
নিখোঁজ রাব্বির মা আছমা আরও জানান, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার নিখোঁজ সন্তানের খোঁজ যদি কেউ পান, তাহলে জানানোর অনুরোধ করেছেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, নিখোঁজ ছাত্র রাব্বি হারানোর খবর প্রত্যেক থানায় ওয়্যারলেসের মাধ্যমে মেসেজ পাঠানো হয়েছে।
