সন্ত্রাস দমনে প্রয়োজন জনসম্পৃক্ততা: পুলিশ প্রধান

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:৪৪ পিএম

ফরিদপুরে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, “শুধু অভিযান দিয়ে মাদক, জঙ্গি ও সন্ত্রাসী দমন করা সম্ভব নয়, সে জন্য আমরা বেশ কিছু কৌশল গ্রহণ করেছি। এই জন্য জনসম্পৃক্ততা করা হয়েছে।”

সোমবার বেলা ১১টার সময় ফরিদপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ ও কমিউনিটিং পুলিশের আয়োজনে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান এসব কথা বলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, “আমরা জঙ্গিবাদকে সম্পন্ন নির্মূল করতে না পারলেও দমিয়ে ফেলেছি, এটি সম্ভব হয়েছে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতার মধ্য দিয়ে।”

পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারি মাদক ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পরিবারের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন, “প্রত্যেক পরিবারের অভিভাবকরা সচেতন হলেই এটা সম্ভব।”

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ড. জাবেদ পাটোয়ারি বলেন, আমাদের পুলিশ আর জনগণের অনুপাত আন্তর্জাতিক মানদণ্ডের নয়, যে কারণেই আমাদের হিমশিম খেতে হয়, এই জন্য কমিউনিটি পুলিশিংকে পাশে নিয়ে কাজ করছি।

এর আগে পুলিশ প্রধান ফরিদপুর পুলিশ লাইনে নারী পুলিশের ব্যারাক, নগরকান্দা থানা ভবন, জেলা পুলিশের চিকিৎসক ও নার্সদের ডরমেটরির উদ্বোধন করে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত